Sunday, March 10, 2019

পরাজিত দাদু আর আমি

|| পরাজিত দাদু আর আমি... ||

আজ দাদুর কথা মনে পড়লো ইউটিউবএ “গণশত্রু” দেখে, কিছু লোকে আজও লোকটাকে মনে রেখেছে মৃত্যুর প্রায় কুড়ি বছর পরে - বেশ কিছু পরিচয়ের তকমা আঁটা আছে কিন্তু একটাও তাঁর ব্যাঙ্ক ব্যালান্সের/বাড়ি-ঘর সংক্রান্ত নয়! যারা আমাদের আত্মীয় নন, তাদের অনেকের কাছেই, দাদু ছিলেন জুটমিলের নেতা, সংখ্যা গরিষ্ঠর  কাছে - লাল পার্টির লোক, আর কিছু সংখক লোকের কাছে শুধুই নীরেনদা!


একটা লোক, জীবনে বিয়ে করলো না একজনকে ভালোবেসে, দেশকে ভালোবেসে ছোটবেলাতেই ইংরেজদের বোম মেরেছিলো... পরে, ধুতি-লুঙ্গি পরেই হিল্লি-দিল্লি-চীন-রাশিয়া ঘুরে বেড়ালো শুধু একটা আদর্শ সম্বল করে, শেষে মারা গেলো সরকারি হাসপাতালে - ব্যাংকে তিনশো ছাপান্ন টাকা ফেলে রেখে| শেষ জীবনে, কিছু অর্থগৃন্ধু লোক দাদুকে একঘরে করে তার সাধের পার্টির থেকেও প্রায় বহিষ্কার করেছিল| একটা সংগ্রামী লোক, সারাটা জীবন অন্যায়ের সাথে আপোষহীন যুদ্ধ করে শেষে কিছু ম্যানুস্ক্রিপ্ট রেখে চলে গেল - এটা কি একটা পরাজয়? বুঝতে পারি না, লোকটার পরিচয় “দাদু” বলে শুধু বোনের আর আমার কাছেই, তাই দোষগুলো ভালো দেখতে পাই না! কিন্তু সমাজের কাছে, এক সময়ে, এই লোকটি আদর্শ মানব না হলেও - সৎ, নির্ভীক ও মানব-দরদী লড়াকু বলে পরিচয় পেয়েছে! শুনেছিলাম যে, ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে বিরোধী পক্ষের একটি লোকই ছিলেন (হয়তো সত্যি কিংবা অতিরঞ্জিত) কিন্তু এ কথা ঠিক যে লোকটি যাবার সময় একটি তক্তপোষ, দুতিনটা চেয়ার টেবিল, কিছু MP প্যাড, দুটো বইয়ের আলমারি আর সেকেলে গরম পোশাকের ট্রাঙ্ক ও হোল্ডল ছাড়া কিছুই স্থাবর সম্পত্তি রেখে যাননি! 


অথচ তাঁর নাতি হয়ে, স্যুট পরে আমস্টারডামে বসে স্মৃতি চারণ করছি - দেশের জন্যে সত্যি কিছুই প্রায় করিনি ... এদিকে পড়েছি রামকৃষ্ণ মিশনে! এই যে নৈতিক অবক্ষয়, আমার এবং আমার প্রজন্মের - এরই ফল দেখছি দেশে | মূল্যবোধ-হীন লুণ্ঠনকারীদের কাছে দেশকে ফেলে পালিয়ে এসেছি - আমি ও আমারি মতো  সুবিধাবাদী লোকেরা! অনেকেই আমরা সরকারি (অনুমোদিত) স্কুল-কলেজে অল্প মাইনে দিয়ে নামি প্রতিষ্ঠানে পড়েছি আর সেই বিদ্যের জোরে এখন বিদেশে নোট গুনছি! আমার মতো শিক্ষিত লোকেরা যখন, চা বা স্কচ হাতে মোদী/মমতা/সোনিয়াদের গাল দেয় তখন মনে হয় দাদুর মতো লোকেরা ওপর থেকে হাসে বা চোখের জল ফেলে! আজ বাঙালি কলকাতাতেও হিংলিশ এ কেতা মারে - কন্টিনেন্টাল ছাড়া খায় না বন্ধুদের সাথে! আমরা নিজেদের যদি না নতুন করে চিনতে পারি বাঙালি হিসেবে - রবীন্দ্রনাথ, শরৎ, সত্যজিৎ অচিরেই আমার দাদুর মতো হারিয়ে যাবে কারণ পরবর্তী প্রজন্মকে আমরা সেই শিক্ষাই দিচ্ছি!

💀ভূত চতুর্দশী ও বাঙালী আচার বিচার 👻

  ভূত চতুর্দশী হচ্ছে বাংলার একটি প্রাচীন আদিবাংলা হিন্দু উৎসব, যা মূলত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে (অমাবস্যার ঠিক আগে) পালিত হ...